যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত আটজন। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, সন্দেহভাজন হামলকারী কালো পোশাক পরিহিত ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনাস্থল থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলেও জানান তিনি।
মেয়র স্মাইলি বলেন, স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম হামলার খবর পায়।জরুরি নম্বর ৯১১-এ ফোন আসার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তিনি আরো বলেন, ‘এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে, দুজন নিহত হয়েছেন এবং আটজন গুরুতর আহত হন। তবে হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।’ হামলাকারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মেয়র জানান, ঘটনাটি এখনো তদন্তাধীন।
আপনার মতামত লিখুন