দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানী

পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন, আটক ১

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।আরও পড়ুন, রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলিঅন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান রাজধানীর দুটি স্থানে বাসে আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুই ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। একই রাতে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও অগ্নিসংযোগের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন, আটক ১