জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। গাজীপুরে ‘ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির নারী নিপীড়নের’ প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদী আমলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল খুনি হাসিনা। একটি দল সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব–পরবর্তী ৫শ দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, তাহলে দেখতে পাবেন, পুরো সময়জুড়ে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে।
তিনি বলেন, দেড় বছর পর তাদের একজন নেতা দেশে এসেছে। ওই নেতা আসার পর সেই দলের সন্ত্রাসীরা আরও লাগামহীন হয়ে উঠেছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা শুরু হয়েছিল, ওই নেতা আসার পর সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য তারা পাগল হয়ে গেছে। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম দাবি করেন, নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচন বন্ধ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেখছে, ওই দল দেশে গণতন্ত্র চায় না, তারা মাফিয়াতন্ত্র চায়।
আরও পড়ুন, যশোরে তারেক রহমানের সমাবেশে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আসার আগেই তারা পরাজয় মেনে নিয়েছে। তারা দেখতে পাচ্ছে, বাংলাদেশের সব নাগরিক ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের চার কোটি তরুণ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফপন্থি প্রতিনিধিদের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদের বিজয়ী করতে তারা মুখিয়ে রয়েছে।
সাদিক কায়েম বলেন, আজ তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা চালাচ্ছে। তারা যদি আর কোনো মা-বোনের ওপর হামলা করে, তাহলে আমরা সারা দেশের ১৮ কোটি জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো। আর কোনো ছাড় দেওয়া হবে না। জনাব তারেক রহমান, আপনি মজলুম ছিলেন, জালিম হয়ে উঠবেন না। আমরা আর ছাড় দেব না। সমাবেশে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, ডাকসু ভিপি রিয়াজুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন