দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের ঐতিহ্যবাহী হেবরন শহরে টানা দ্বিতীয় দিনের মতো কঠোর অবরোধ ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার (২৪ অক্টোবর) পরিচালিত এই অভিযানের সময় বহু ফিলিস্তিনি বাসিন্দাকে তাঁদের নিজ বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো। তুর্কি বার্তা সংস্থা ‘আনদোলু’ জানায়, হেবরনের কেন্দ্রস্থল আল-জিলদা এবং দেইর বাহহা এলাকায় অভিযান চালিয়ে পুরো অঞ্চলটিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-র তথ্য অনুযায়ী, খুব ভোরে সেনারা ডজন ডজন বাসিন্দাকে ঘর থেকে বের করে খোলা আকাশের নিচে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখে।অভিযানের অংশ হিসেবে হেবরন শহরে অতিরিক্ত সামরিক যান ও বুলডোজার মো মোতায়েন করা হয়েছে। শহরের প্রধান প্রবেশপথ এবং সংযোগ সড়কগুলো সিল করে দেওয়ায় আশপাশের এলাকা থেকে হেবরন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।আরও পড়ুন,ফিলিপাইনে সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত সেনাবাহিনী বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বহু ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করে। এছাড়া হেবরনের পাশাপাশি বেথলেহেম, নাবলুস ও জেরিকো সহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৯ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক হামলা, গ্রেপ্তার, উচ্ছেদ ও সহিংসতা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি হেবরনে বসতি স্থাপনকারীদের ওপর হামলার অভিযোগে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার থেকেই পুরো হেবরন শহরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।