হরমুজ প্রণালির অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করায় তিনটি তেলবাহী ট্যাংকারে মাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন জব্দ করার দাবিও করেছে সংস্থাটি। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, গত ২৪ ঘণ্টায় তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। এ সময় মাইনের আঘাতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় বলে দাবি করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জাহাজগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল এবং ইরানের নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করেছিল। তবে ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে কিংবা জাহাজগুলো কোন দেশের পতাকাবাহী সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আরও পড়ুন,হরমুজ প্রণালিতে মার্কিন গোয়েন্দা ড্রোন আটক করার দাবি ইরানেরতারা হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে। তবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। ইউকেএমটিওর উল্লেখ করা জাহাজটি আইআরজিসির দাবি করা তিনটি ট্যাংকারের কোনোটি কি না, তা এখনো স্পষ্ট নয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌচলাচল কঠোরভাবে সীমিত করেছে ইরান। বিশ্বে ব্যবহৃত মোট খনিজ তেল ও গ্যাসের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। এর জবাবে ইরানের বন্দরগুলোতে সমুদ্র অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জাহাজগুলোকে ওমানের উপকূলসংলগ্ন দক্ষিণ দিকের একটি পথ ব্যবহার করতে উৎসাহিত করছে। তবে তেহরান ওই পথকে অননুমোদিত বলে মনে করে। আইআরজিসি সতর্ক করে জানিয়েছে, ওই পথে মাইন পুঁতে রাখা হয়েছে এবং সেখানে চলাচলের ঝুঁকির দায় জাহাজের মালিক ও ক্রুদের বহন করতে হবে। অন্যদিকে পৃথক এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, পশ্চিম হরমুজ প্রণালিতে অভিযান চালানোর সময় তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ নজরদারি ড্রোন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। তবে ট্যাংকারে বিস্ফোরণ এবং মার্কিন ড্রোন জব্দের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।