আট বছর পর আবারও বাংলাদেশের ঘরের মাঠে বসছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই প্রতিযোগিতা। প্রথম দিনই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি জাতীয় দল। ফলে প্রস্তুতির ঘাটতি নিয়েই সাফের মঞ্চে নামতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। গত ১ অক্টোবর জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলে হারের ম্যাচটিই ছিল বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর সাফের আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাইয়ের সুযোগ পায়নি দল। কোচ থমাস ডুলিকে এখন ফিফা আসিয়ান কাপের ম্যাচগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়েই দল সাজাতে হচ্ছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেললে কোচের পক্ষে সেরা একাদশ নির্বাচন এবং কৌশল চূড়ান্ত করা সহজ হয়। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে সাফের আগে এমন কোনো ম্যাচের আয়োজন করতে পারেনি। তাই নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেই প্রস্তুতি সারতে হচ্ছে ফুটবলারদের। এদিকে টুর্নামেন্টের আগে বড় ধাক্কা হয়ে এসেছে প্রবাসী বাংলাদেশি ফুটবলার রোনান সুলিভানের চোট। কোচ থমাস ডুলি তাকে ৯ নম্বর পজিশনে খেলানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু চোটের কারণে সাফে খেলতে পারছেন না তিনি।
আরও পড়ুন,বিশ্বকাপের টিকিট পেতে ১৯৩ দেশের সমর্থকদের হিড়িক
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের বক্তব্য অনুযায়ী, রোনান ১০ অক্টোবর চোট পেয়েছেন। তবে চোটের খবর প্রকাশ্যে আসে ২৯ অক্টোবর। এ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। চোটের বিষয়টি আগে জানানো হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কোচ থমাস ডুলি জানিয়েছেন, রোনানের চোটের খবর তিনিও অন্যদের মতোই পেয়েছেন। এখন এ নিয়ে দুশ্চিন্তা না করে বিকল্প পরিকল্পনায় এগোতে চান তিনি। ডুলির ভাষ্য, নির্দিষ্ট কোনো নাম্বার নাইন ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। দলের মধ্য থেকেই ওই পজিশনে খেলার মতো একজনকে খুঁজে নিতে হবে। নতুন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগও নেই বলে জানিয়েছেন কোচ। সাফের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন থমাস ডুলি। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে প্রস্তুতির ঘাটতি কাটিয়ে কতটা ভালো করতে পারে দল, এখন সেটিই দেখার অপেক্ষা।