বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমি বিজয়ী হয়েছি এটা বড় ইস্যু না। বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষ জেতা, বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পেয়েছে বাংলাদেশ। সহিংসতামুক্ত একটি নির্বাচন আমরা পেয়েছি।ফেনীতে ৫৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এটিকে স্বাগত জানাই।
ভোটের ফলাফল নিতে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিজয়ী হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন। মিন্টু বলেন, পরিকল্পনা একটাই ফেনীর উন্নয়ন। ফেনীর সন্তান হিসেবে আমরা ফেনীর উন্নয়ন চাই। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা ফেনীর উন্নয়ন কাজগুলো করতে পারব। তিনি ফেনীর দিকে নজর দেবেন, আমরাও তাকে সহযোগিতা করব। ফেনী-৩ আসনের বড় সমস্যা নদীভাঙন। এটি প্রাধান্য দিয়ে কাজ করবেন। এছাড়াও শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন, নীলফামারী-৪: দাঁড়িপাল্লা প্রতীকের হাফেজ আব্দুল মুনতাকিম জয়ী
ফেনীর সোনাগাজীকে শিল্পায়নের উন্নয়ন করার বিষয়েও পরিকল্পনার কথা জানান। তিনি আরও বলেন, আপনি যদি একটি দেশের একটি সমাজের উন্নয়ন করতে চান, তাহলে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমি এখানে আসার আগে আমার প্রতিদ্বন্দ্বী মানিক সাহেবের সঙ্গে কথা বলেছি। বলেছি, আমরা একসাথে বসব, চা খাব। হেরে যাওয়া, জিতে যাওয়া অন্য জিনিস। সবাইকে নিয়ে আমরা ফেনীর উন্নয়ন করব। এ সময় ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, মিন্টুর ছেলে তাজওয়ার এম. আউয়াল, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলুসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন