ভারত থেকে ব্যাপকভাবে আমদানি করায় এবং দেশীয় নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বৃদ্ধিতে কিছুটা স্বস্তি ফিরছে মসলাজাতীয় এই পণ্যটির। রাজধানীর খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ থেকে ৯০ টাকায় এবং দেশীয় মুড়িকাটা নতুন পেঁয়াজ মানভেদে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পুরনো পেঁয়াজ এখনো ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একই সঙ্গে শীতের সব ধরনের সবজির দামও ক্রেতার নাগালের মধ্যে রয়েছে। নতুন আলুর দাম কমে কেজি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। দেশে চলতি মাসের শুরুতে হঠাৎ বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়ে ১৬০ টাকায় উঠে যাওয়ায় ভারত থেকে আমদানির অনুমোদন দেয় সরকার। আমদানির শুরুতে পেঁয়াজের দাম তেমন একটা না কমলেও গত এক সপ্তাহে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে গেছে।
ব্যবসায়ীরা বলছেন, আগামী সপ্তাহের মধ্যে ভারতীয় পেঁয়াজের দাম ৫০ টাকায় নেমে আসতে পারে। আর ভারতের পেঁয়াজের দাম কমলে দেশি নতুন ও পুরনো পেঁয়াজের দাম আরো কমতে পারে। রাজধানীর জোয়ারসাহারা বাজারের মো. নজরুল ইসলাম বলেন, ‘বাজারে দেশি নতুন পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় ভারতীয় পেঁয়াজের কদর কমে গেছে। দামও প্রায় একই হওয়ায় মানুষ দেশি নতুন পেঁয়াজ কিনছেন বেশি। আগামী সপ্তাহেই ভারতীয় পেঁয়াজ ৫০ টাকায় নেমে যাবে।’
আরও পড়ুন, মোহাম্মদপুরের আবাসিক ভবনে অগ্নিকান্ড
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম আজ কমেছে। খুচরা বাজারেও কাল-পরশু ভারতীয় পেঁয়াজের দাম কমে আসবে। আর ভারতীয় পেঁয়াজের দাম কমলে দেশি পেঁয়াজের দামও কমে আসবে। এদিকে দিনাজপুরের হিলি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম প্রতিদিনই কমছে। গতকাল দাম কমে পাইকারিতে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়। আর মুড়িকাটা পেঁয়াজের দামও কমে ৫৫ টাকায় নেমেছে। চলতি মাসের ৭ তারিখ থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। তাই বাজারে সরবরাহও বাড়ছে।
শীতের সবজির দাম আরো কমল : এদিকে বাজারে শীত মৌসুমের অন্যান্য সবজির সরবরাহ অনেক বেড়েছে। এতে কমেছে বেশির ভাগ সবজির দাম। বৃহস্পতিবার বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ২৫ থেকে ৩৫ টাকা, শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০, প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৮০, দেশি টমেটো ৮০ থেকে ১০০, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আপনার মতামত লিখুন