দৈনিক সংবাদ দিগন্ত

রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে বিক্ষোভ , রাতভর অবরোধে জনদুর্ভোগ

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কালশী এলাকা। শুক্রবার সন্ধ্যায় বিচার দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালশী রোডের ফুলকলি ও আধুনিক মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় পুরো এলাকায় “জাস্টিস ফর রামিসা”, “ফাঁসি চাই”, “আমার বোন খুন হলো কেন?”—এমন নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ।বিক্ষোভে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।আরও পড়ুন , রামিসা হত্যায় দেশজুড়ে ক্ষোভ, দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ-অবরোধ ও মানববন্ধন বিক্ষোভকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান আছে।উল্লেখ্য, গত ১৯ মে সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় প্রধান আসামি জাকির হোসেনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রামিসা হত্যার বিচার দাবিতে কালশীতে বিক্ষোভ , রাতভর অবরোধে জনদুর্ভোগ