দৈনিক সংবাদ দিগন্ত

পুলিশ সংস্কারে জাপানের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে জাপানের কারিগরি ও নীতিগত সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান মন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মাধ্যমে দেশে একাধিক বৃহৎ অবকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, ঢাকা মেট্রোরেল নির্মাণ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উল্লেখযোগ্য।মন্ত্রী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করতে সরকার কাজ করছে। এ প্রেক্ষাপটে পুলিশ সংস্কার, দক্ষতা উন্নয়ন, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকায়ন এবং বাহিনীর সাংগঠনিক পুনর্গঠনে জাপানের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিগগিরই এ বিষয়ে জাপান সরকারের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানো হবে বলেও তিনি উল্লেখ করেন। সাক্ষাৎকালে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, পুলিশিং ব্যবস্থার উন্নয়ন, সড়ক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আরও পড়ুন, নেত্রকোনায়’ সড়ক সংস্কারে: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগরাষ্ট্রদূত সাইদা শিন-ইচি বাংলাদেশের অবকাঠামোগত অগ্রযাত্রায় জাপানের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন। তিনি জানান, ডিএমপির ট্রাফিক সেফটি প্রকল্প গত বছর সফলভাবে সমাপ্ত হয়েছে এবং ভবিষ্যতেও পুলিশ বাহিনীর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে জাপান আগ্রহী। এদিকে চলতি বছর ঢাকার বহুল আলোচিত হলি আর্টিজান বেকারি হামলার দশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জাপান সরকারের যেকোনো অনুরোধ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।বিশ্লেষকদের মতে, কৌশলগত অংশীদারিত্বের এই সম্প্রসারণ পুলিশ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পুলিশ সংস্কারে জাপানের সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী