ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ এই ধর্মীয় উৎসবকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিরাজ করছে উৎসবের আমেজ।রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।আরও পড়ুন, বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন। পবিত্র হজের সঙ্গে গভীর সম্পর্ক থাকা এই উৎসবকে কেন্দ্র করে মুসলিম বিশ্বেও চলছে ধর্মীয় আয়োজন।আরও পড়ুন, ঈদ উদযাপনে প্রস্তুত রাজধানী, চলছে একের পর এক জামাতঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বাণীতে তারা দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি নারীদের জন্য রাখা হয় পৃথক নামাজ ও ওজুর ব্যবস্থা।আরও পড়ুন, মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন তারেক রহমানএদিকে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও অনুষ্ঠিত হচ্ছে একাধিক জামাত। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি ঈদ জামাত। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসহ বিভিন্ন এলাকায় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ঈদ উপলক্ষে সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে করা হয়েছে আলোকসজ্জা। পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে পরিবেশন করা হচ্ছে বিশেষ খাবার।