দেশজুড়ে গত মে মাসে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।সংগঠনটির তথ্য অনুযায়ী, একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। অন্যদিকে নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত, ১৫ জন আহত এবং ৭ জন নিখোঁজ রয়েছেন।সব মিলিয়ে মে মাসে সড়ক, রেল ও নৌপথে ৬৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৭১ জন এবং আহত হয়েছেন এক হাজার ৬৯৬ জন।আরও পড়ুন, সচিবালয়ে লাল টেলিফোনের তামার তার চুরির ঘটনায় চোরাই ক্রেতা কারাগারেপ্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনায় নিহতের প্রায় ৩৭ শতাংশ।বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে।দুর্ঘটনা কমাতে যাত্রী কল্যাণ সমিতি ১১টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, চালকদের উন্নত প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা অডিট এবং ফিটনেসহীন যানবাহন অপসারণ।