দৈনিক সংবাদ দিগন্ত

‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি

সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাওয়া ছয়জনকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননা দিয়েছে আবুল খায়ের গ্রুপ। বৃহস্পতিবার রাজধানীর InterContinental Dhaka-এ আয়োজিত ‘এম-রাইজ গালা নাইট’-এ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শাকিব খান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপ-এর গ্রুপ হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদসহ গণমাধ্যমকর্মী ও শতাধিক কনটেন্ট ক্রিয়েটর। সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের প্রযুক্তি উদ্ভাবক জয় বড়ুয়া লাবলু। তিনি স্বল্প খরচে বায়োনিক হাত তৈরি করে মানুষের জীবন সহজ করতে কাজ করছেন। কক্সবাজারের মো. রোস্তম আলী ‘মা-বাবা ফাউন্ডেশন’-এর মাধ্যমে অবহেলিত বৃদ্ধ ও এতিম শিশুদের সহায়তা দিয়ে যাচ্ছেন।এছাড়া ঢাকার প্রাণিসেবক মো. আবদুল কাইয়ুম দীর্ঘদিন ধরে পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। চট্টগ্রামের মো. রিজওয়ান ‘এক টাকায় শিক্ষা’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসহায়তা করছেন। কক্সবাজারের মরিয়ম সমুদ্রশৈবাল চাষের মাধ্যমে উপকূলীয় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন। অন্যদিকে প্রসেনজিৎ কুমার সাহা ‘উচ্ছ্বাস’ উদ্যোগের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন।জয় বড়ুয়া লাবলু বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও সুন্দর করার জন্য হওয়া উচিত। মানুষের মুখে হাসি ফোটানোর অনুপ্রেরণাই তাকে সামনে এগিয়ে যেতে সাহস জোগায়। মো. রোস্তম আলী বলেন, সমাজের অবহেলিত মানুষদের জন্য কাজ করতে পেরে তিনি গর্বিত। এমন উদ্যোগ সমাজে মানবিক কাজের অনুপ্রেরণা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শাকিব খান বলেন, “সত্যিকারের হিরোদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে আমি সত্যিই গর্বিত। যারা সমাজের ভেতরে থেকে নীরবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তাদের এই স্বীকৃতি পুরো সমাজের জন্য অনুপ্রেরণা।” আবুল খায়ের গ্রুপ-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব বলেন, শূন্য থেকে শুরু করে আজ প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়েছে। ব্যবসার পাশাপাশি সমাজ ও মানুষের উন্নয়নে কাজ করার ভাবনা থেকেই ‘এম-রাইজ’ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘এম-রাইজ’ শুধু একটি সম্মাননা অনুষ্ঠান নয়; বরং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা মানুষদের গল্প সারা দেশে ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।

‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন সমাজ পরিবর্তনে কাজ করা ছয় ব্যক্তি