রাজধানীর শাহজাহানপুর থানা আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মিনুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জানা যায়, নিহত কুমিল্লা জেলার তিতাস উপজেলার কোরিকান্দি গ্রামের মহিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি ঢাকার শাজাহানপুর থানার শান্তিনগর এলাকার শান্তিবাগ বাজার গলি এলাকায় বসবাস করতেন।বুধবার সকালে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. মোশারফ হোসেন বলেন, নিহত নারীর পরিচয় প্রথমে পাওয়া যায়নি। পরে প্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় সনাক্ত করা গেছে। তিনি আরো বলেন, নিহত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।আরও পড়ুন, দেড় বছর পর কারামুক্ত দবিরুল ইসলামনিহতের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, নিহত নারীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী এক বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় তার তিন ছেলে নিয়ে বসবাস করতেন। কিভাবে তার লাশ এখানে এলো এ বিষয়ে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। যতটুকু জানা গেছে তিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।