রান্নাঘরের তারে লিকেজ, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে ঘর বিদ্যুতায়িত হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। তাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামে। তবে পারিবারিক কারণে তারা কাহালুর বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বসবাস করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও তার স্বামী কর্মসূত্রে অন্য জেলায় থাকায় ওই বাড়িতে একাই বসবাস করতেন আনোয়ার-রমিছা দম্পতি।বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি পানি খাওয়ার জন্য বাড়িটিতে যান। এ সময় তিনি ঘরের ভেতরে আনোয়ার হোসেন ও রমিছা খাতুনকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।আরও পড়ুন, দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় যাত্রীবাহী বাস, উদ্ধার ২ পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,“প্রাথমিক তদন্তে দেখা গেছে, রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। তারের বিভিন্ন অংশ ছেঁড়া ও লিকেজ থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই বিদ্যুতায়িত পরিবেশের কারণে স্বামী-স্ত্রী দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।”পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বাড়িঘরের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। আরও পড়ুন, ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই: জনতার হাতে ধরা কিশোর গ্যাং নেতা