প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত গুরুত্বপূর্ণ বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের ১৫টি জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়ে গেল। রোববার (২৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সরকারিভাবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রাতে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার প্রাক্কালে দাপ্তরিক কাজের আধিক্যের কারণেই গত রাতে বৈঠকটি স্থগিত করা হয়।আরও পড়ুন,অবকাশ ছুটির পর সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাৎআজকের সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা ১৫টি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল— তিতাস গ্যাসক্ষেত্রে দুটি নতুন গ্যাসকূপ (তিতাস-৩২ ও তিতাস-৩৩) খনন, ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প। এছাড়া তালিকায় আরও ছিল বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়ক ও ফুটপাত উন্নয়ন, বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন ক্রয় এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন প্রকল্প। সরকারের শীর্ষপর্যায়ের এই সফর শেষে পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করে স্থগিত হওয়া একনেক সভাটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।