মঠবাড়িয়ায় নজর কাড়ছে বিশাল গরু ‘শান্ত’, দাম ৮ লাখ টাকা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশাল আকৃতির এক রাজকীয় ষাঁড়—নাম ‘শান্ত’। প্রায় ১১০০ কেজি বা ২৮ মণ ওজনের এই সাদা-কালো হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরুটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ।মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের গাজী অ্যাগ্রো ফার্মে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা হয়েছে এই ষাঁড়টিকে। খামারটি ২০১৯ সালে যাত্রা শুরু করলেও বর্তমানে সেখানে ৩২৭টিরও বেশি গবাদিপশু রয়েছে। তবে চার বছর আগে জন্ম নেওয়া ‘শান্ত’ এখন খামারের সবচেয়ে বড় আকর্ষণ ও গর্ব।আরও পড়ুন, ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিকখামার কর্তৃপক্ষ জানায়, বিশাল দেহের কারণে নতুন মানুষ দেখলে গরুটি কিছুটা অস্থির হয়ে পড়ে। এতটাই শক্তিশালী এই ষাঁড় যে, শেড থেকে বের করতে ১০ থেকে ১২ জন কর্মীর সহায়তা লাগে। গরমে স্বস্তি দিতে সারাক্ষণ ফ্যান চালু রাখা হয় এবং দিনে দুইবার গোসল করানো হয়। খামারের কর্মীরা জানান, ‘শান্ত’র খাদ্য তালিকায় থাকে ভুট্টা ভাঙা, ছোলা, শুকনো খড়, কাঁচা ঘাস, গমের ভুসি ও বিশেষ সাইলেজ। প্রতিদিন এর পেছনে প্রায় ৯০০ থেকে ১ হাজার টাকা খরচ হয়।আরও পড়ুন, ঈদযাত্রার আগে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটখামারের দায়িত্বপ্রাপ্ত নান্নু মিয়া জানান, ঈদুল আজহাকে সামনে রেখে গরুটির দাম ধরা হয়েছে প্রায় ৮ লাখ টাকা। তবে তিনি মনে করছেন, এর আকার ও বাজার পরিস্থিতি অনুযায়ী দাম আরও বেশি হতে পারে। স্থানীয়রা বলছেন, ফেসবুক ও টিভিতে বড় গরু দেখলেও বাস্তবে এত বড় ও আকর্ষণীয় গরু তারা আগে দেখেননি। তাই ‘শান্ত’কে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উৎসাহ।আরও পড়ুন, পূর্বধলায় পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, স্থগিত নিলামজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, এবার পিরোজপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় ২১ হাজার ৮৯৯টি, আর প্রস্তুত রয়েছে ২৭ হাজার ৪০৬টি পশু। ফলে জেলায় পশুর কোনো সংকট হবে না বলে আশা করা হচ্ছে। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ‘শান্ত’কে ঘিরে আগ্রহ। এখন শুধু অপেক্ষা—এই রাজকীয় ষাঁড়ের শেষ গন্তব্য কোন কোরবানিদাতার ঘরে যায়।