বেনজীর প্রত্যর্পণে নতুন অগ্রগতি, দুবাইকে তথ্য পাঠাবে দুদক
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতির কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। সংস্থাটি বলছে, দুবাই পুলিশের চাওয়া অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা প্রস্তুত করে কয়েক দিনের মধ্যেই পাঠানো হবে।মঙ্গলবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরকার ও দুদকের কাছে চেয়েছিল দুবাই পুলিশ।সে অনুযায়ী তদন্ত কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথি পাঠান। পরে কিছু বিষয়ে অতিরিক্ত ব্যাখ্যা ও ক্লিয়ারেন্স চেয়ে আবারও চিঠি পাঠায় দুবাই পুলিশ।আরও পড়ুন, রাজধানীসহ ১৭ জেলায় দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাসদুদক জানিয়েছে, বর্তমানে সেই চিঠির জবাব প্রস্তুতের কাজ চলছে। প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথিপত্র খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দুবাই পুলিশের কাছে পাঠানো হবে।গত মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। এরপর দুদক দ্রুত প্রত্যর্পণের আবেদন করে এবং প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠায়।দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র গৃহীত হয়েছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে।দুদক বলছে, দুবাই পুলিশের চাওয়া তথ্য পাঠানোর পর প্রত্যর্পণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে যাবে।