দৈনিক সংবাদ দিগন্ত

ইনকিলাব মঞ্চ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল হাদির হামলাকারীদের জন্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। সংগঠনটি অন্তর্বর্তী সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে শনিবার দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে প্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।শুক্রবার রাত ১১টায় এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসার বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে এই ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত ও বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। এর আগে শুক্রবার রাত ১০টায় হাদিকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা—সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান ও ফাওজুল কবির খান। শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় তাঁর ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ইনকিলাব মঞ্চ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল হাদির হামলাকারীদের জন্য