আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামী আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে কোনো বাধা নেই। তবে যারা অপরাধ করেছেন, তাদের বিচার এ দেশের মাটিতেই হতে হবে। আওয়ামী লীগকে ফ্যাসিস্টদের একটি ক্লাব হিসেবে আখ্যা দিয়ে জামায়াতের আমির বলেন, মিথ্যা মামলা দিয়ে জামায়াতের নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে। আরও পড়ুন,প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের আন্দোলন সংগ্রামের কথা স্মরণএকই সঙ্গে বাংলাদেশকে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে তুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের চেতনা বাস্তবায়নের পথে বর্তমান সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি ফ্যাসিবাদের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এভাবে চলতে থাকলে দলটি আওয়ামী লীগের মতো পরিণতির দিকে যেতে পারে। জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় এসে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমানে দলটি আওয়ামী লীগের মতো আচরণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা ব্যক্তিরা শেষ পর্যন্ত ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত কচুপাতার পানি নয়, বরং দেশের গণমানুষের আদর্শিক দল। আলোচনা সভায় জামায়াতের নেতারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, অতীতের নির্যাতনের অভিযোগ এবং ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার বিরোধিতায় নিজেদের অবস্থান তুলে ধরেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।