ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেছেন, রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে। আগামীকাল (আজ শুক্রবার) বাম, শাহবাগি, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।
রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বের করা বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের পাশাপাশি জাকসুর নেতারা, ছাত্রশক্তি, আধিপত্যবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এই খুনি হাসিনার দল হাজার হাজার নিষ্পাপ বাংলাদেশের দামাল ছেলেকে হত্যা করেও ওর রক্ত পিপাসা মেটেনি। বিদেশে বসে এখনো বিপ্লবীদের হত্যা করার ছক কষছে। ছাত্রশিবিরের এই নেতা বলেন, আমরা আজ এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদির রক্তের ওপর দিয়ে, শহীদদের রক্তের ওপর দিয়ে ভারতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। যে সমস্ত ভারতীয় বৈধভাবে, অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভারতে পুশব্যাক করতে হবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। যতক্ষণ পর্যন্ত না হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, যতক্ষণ পর্যন্ত না ওরা শহীদ ওসমান হাদির খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক থাকতে পারে না।
আপনার মতামত লিখুন