আজ খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী, নয়াপল্টনে কেন্দ্রীয় দোয়া মাহফিল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগরে দলীয় কার্যালয় এবং মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।আরও পড়ুন, ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেতবিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি আরও দুই দফায় প্রধানমন্ত্রী হন।গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন।