রাতের সড়কে তরুণীকে নিয়ে রহস্য, পরিবারের বক্তব্যে মিলল নতুন তথ্য
রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝখানে এক তরুণীকে নিস্তেজ অবস্থায় দেখতে পাওয়ার ঘটনায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দৃশ্যের ছবি ছড়িয়ে পড়ার পর উদ্বেগ তৈরি হয় নেটিজেনদের মধ্যে।তবে পরিবারের দাবি, ওই তরুণী জীবিত এবং বর্তমানে সুস্থ আছেন। তার বড় বোন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর ঝগড়ার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরে একটি বারে গিয়ে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের ভাষ্য।শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ২৬ বছর বয়সী ওই তরুণী। তিনি জানান, বর্তমানে তিনি ভালো আছেন। তবে ঘটনার বিস্তারিত দুই দিন পর সরাসরি সাক্ষাৎ করে জানাবেন বলে ফোনে কথা শেষ করেন তিনি।পরিবারের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলের চালকের নামের শেষাংশ আলম। তিনি বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। ওই তরুণীকে বাসায় পৌঁছে দিতে গিয়ে তিনি বিপাকে পড়েছেন বলেও দাবি করেছেন তার বোন।আরও পড়ুন, ঢাকার আকাশ মেঘলা, কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপরিবার জানায়, অসুস্থ অবস্থায় তরুণীকে নিয়ে আলম ও তার এক বন্ধু টঙ্গীর দিকে রওনা হলেও পরে তাকে মিরপুরে এক বান্ধবীর বাসায় রেখে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।এর আগে বুধবার গভীর রাতে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর দিকে যাওয়ার সময় মুফতি মনোয়ার হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলটিকে দেখতে পান। তার চোখে পড়ে, চালকের পেছনে থাকা এক যুবক তরুণীকে শক্ত করে ধরে রেখেছেন। তরুণীর পা ছিল অস্বাভাবিকভাবে ঝুলে থাকা অবস্থায়।দৃশ্যটি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি সন্দেহ প্রকাশ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।তবে পরিবারের বক্তব্যের পর এখন সামনে এসেছে ঘটনার ভিন্ন একটি ব্যাখ্যা। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পেতে তরুণীর সরাসরি বক্তব্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।