দৈনিক সংবাদ দিগন্ত

বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে সাংবাদিক ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে ডায়াবেটিস পরীক্ষার মধ্য দিয়ে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে ডিআরইউর নারী সদস্য, সদস্যদের স্ত্রী ও কন্যাসন্তানদের জন্য বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী এই ক্যাম্পে ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত হন। বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেডবি ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। এ ছাড়া অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এমএ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ ও ডা. খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক এবং ডিআরইউর সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরী উপস্থিত ছিলেন। আরও পড়ুন,নিয়োগকর্তাদের পছন্দ অনুযায়ী কর্মী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্তআলোচনা সভায় বক্তারা জানান, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটি এবং ২০৩০ সালের মধ্যে তা ৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের হার মাত্র ২ শতাংশ থাকলেও আজ তা ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশে পৌঁছেছে এবং প্রি-ডায়াবেটিসের হার আরও ১০ শতাংশ। গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫ থেকে ৮ শতাংশ। বিশেষজ্ঞরা আরও সতর্ক করেন যে, দেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে মেদ-ভুঁড়ির হার বৃদ্ধি এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিস ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির লাগাম টানতে না পারলে কেবল ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস সামনে রেখে সাংবাদিক ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা প্রদান