ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের সৌদি আরবপ্রবাসী বাছির মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, বাছির মিয়া দুই যুগেরও বেশি সময় ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। বাড়িতে তাঁর স্ত্রী ও তিন সন্তান বসবাস করেন। প্রতিদিনের মতো বুধবার রাত আনুমানিক ১০টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারিতে রাখা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আরও পড়ুন,শ্রীপুরে পৌর বিএনপি নেতা আনোয়ার হোসেন বেপারীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এলাকায় উত্তেজনাবাছির মিয়ার ভাতিজা মো. আশরাফুল জানান, রাতের কোনো একসময় তাঁর চাচির ঘুম ভাঙলে ঘরের জানালার গ্রিল ভাঙা দেখতে পান। পরে ঘরের আলমারি পরীক্ষা করে স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যায়নি। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী রাশেদ বলেন, তিনি এখনো ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।