২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।জানা গেছে, প্রস্তাবিত রুটিন অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে সংশোধনী দিতে পারবে। এরপরই চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।অন্যদিকে, এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে। লিখিত পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এইচএসসি পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৮ জুলাইয়ের মধ্যে।শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা এগিয়ে আনার ফলে শিক্ষার্থীদের সেশনজট কমবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। তিনি জানান, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় রুটিন পরিবর্তনের ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।