সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনক্রেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি ব্যাগ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারের চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, কালীগঞ্জের তেতুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলযোগে গোপালগঞ্জে যাবেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর বাজার এলাকায় আগে থেকেই অবস্থান নেয় ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে চালক জাহিদুল ইসলাম (৫০) ও তার সহযোগী নুরুজ্জামান গাজীকে (৪২) আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল ও সঙ্গে থাকা পিঠের ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়।আরও পড়ুন,মাদক সিন্ডিকেটে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ শিবির সভাপতির এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক নুরুজ্জামান গাজী কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে। অপর আটক জাহিদুল ইসলাম গোপালগঞ্জ সদর থানার সুলতান শাহী গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের তথ্য অনুযায়ী, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী ভারত থেকে নদীপথে বিভিন্ন ধরনের মাদক এনে আন্তঃজেলা মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অপরদিকে, জাহিদুল ইসলাম মাদকের চালানটি গোপালগঞ্জে নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এসআরবি-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহাজাহান জানান, মাদক ও অবৈধ বৈদেশিক পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের অতিরিক্ত পরিচালক উপপরিদর্শক (এসআই) মামুন বাদী হয়ে মঙ্গলবার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। স্কোয়াড কমান্ডার আরও জানান, অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।