কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকার সাবেক জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী আসাদুজ্জামানকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।বিভাগীয় মামলার নথি অনুযায়ী ঢাকার জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের সময় ২০২৪ সালের ২৭ আগস্টের প্রজ্ঞাপনে তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়। একই বছরের ১৭ সেপ্টেম্বর তিনি সেখানে যোগ দেন।পরে ১৭ থেকে ২১ সেপ্টেম্বর ছুটি কাটানোর উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর সকালে একাডেমি ত্যাগ করেন তিনি। তবে ছুটি শেষে কর্মস্থলে আর যোগ দেননি।আরও পড়ুন, একাদশে ভর্তির দ্বিতীয় দফার আবেদন শুরু ২৭ সেপ্টেম্বরকর্মস্থলে ফেরার জন্য তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি বলে বিভাগীয় মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।এরপর তার বিরুদ্ধে পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। নির্ধারিত সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাবও দেননি তিনি। এমনকি জবাব দেওয়ার সময় বাড়ানোর আবেদনও করেননি।পরে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে প্রতিবেদনে পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শের জন্য পাঠানো হয়। পিএসসি গত ১২ আগস্ট তাকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেওয়ার বিষয়ে পরামর্শ দেয়।সবশেষে নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতির অনুমোদনের পর ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হিসেবে মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।