ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ভুটানের প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন যে, নির্বাচনে জনাব তারেক রহমান ও তার দল বিএনপির এই বিজয় বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি বিশ্বাস করেন, এই বিপুল জনসমর্থন তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জনগণের অগাধ আস্থারই বহিঃপ্রকাশ, যা আগামী দিনে দেশটিতে শান্তি ও সমৃদ্ধির এক নতুন অধ্যায় সূচনা করবে।আরো পড়ুন , নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে এক হাজার অতিথি দাওয়াত পাবেনভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সুগভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শেরিং তোবগে।তিনি তার বার্তায় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য এবং উন্নয়ন অংশীদারিত্বের বিষয়গুলোকে গুরুত্বের সাথে তুলে ধরেন। ভুটানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয় দেশের জনগণ পারস্পরিক উন্নয়নের সুফল ভোগ করবে। তারেক রহমানের এই বিজয়কে তিনি ব্যক্তিগতভাবে এবং ভুটানের জনগণের পক্ষ থেকে একটি ইতিবাচক রাজনৈতিক উত্তরণ হিসেবে অভিহিত করেছেন।কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারত, চীন ও মালয়েশিয়ার পর ভুটানের এই অভিনন্দন বার্তা তারেক রহমানের নতুন সরকারের জন্য আঞ্চলিক ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক বার্তা দিচ্ছে।