দৈনিক সংবাদ দিগন্ত

সাত দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া মামলার অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত, অজ্ঞাতনামা আসামিদের পরিচয় উদ্‌ঘাটন এবং সাঈদ খোকনকে যারা আশ্রয় দিয়েছেন, তাদের বিষয়ে তথ্য জানার প্রয়োজনীয়তার কথাও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।আরও পড়ুন, শেখ হাসিনার বিচার নিয়ে অন্য দেশের কথা বলার সুযোগ নেই: তথ্য উপদেষ্টামামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাঈদ খোকন ২৯ নম্বর এজাহারনামীয় আসামি। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

সাত দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন