সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারে শান্তি-শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে সর্বদলীয় জনগণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতপুর বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে শাহাদাত হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ক্বারী মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, অ্যাডভোকেট মশিয়ার রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল মজিদ সরদার ও আব্দুল হালিম।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।বক্তারা বলেন, জাতপুর বাজারের শান্তি-শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। আরও পড়ুন,শ্যামনগরে কাঠের কাজ করার সময় বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যুবাজারে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জনসাধারণের হয়রানি বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তার প্রতিবাদ করা হবে বলেও জানান তারা।সমাবেশে বক্তারা জাতপুর বাজারের পেরিফেরিভুক্ত সরকারি জায়গা নিয়েও কথা বলেন। তাদের অভিযোগ, বাজারের পেরিফেরিভুক্ত কিছু জায়গা দীর্ঘদিন ধরে দখলে রয়েছে। এসব জায়গা দ্রুত সরকারের কাছে হস্তান্তর করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।এর আগে বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং অন্যায়-অনিয়মের প্রতিবাদ জানান।সমাবেশ থেকে স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসনের কার্যকর উদ্যোগ এবং বাজারের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।