দৈনিক সংবাদ দিগন্ত

নেতানিয়াহু বিরোধী জোটের সঙ্গে সমঝোতায় আরব দলগুলো

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনের পর সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা নতুন মোড় নিয়েছে। নির্বাচনে ১৯টি আসন পাওয়া আরব দলগুলো বিরোধী নেতা গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটকে বাইরে থেকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনরায় সরকার গঠনের হিসাব আরও জটিল হয়ে উঠেছে। সোমবার (২ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন চার দলের বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলোর সমর্থন পেলে বিরোধী জোটের পক্ষে সরকার গঠনের পথ তৈরি হতে পারে। আরব দলগুলোর নেতারা জানিয়েছেন, তাঁরা সরাসরি সরকারে যোগ দিতে চান না।আরও পড়ুন,নিউইয়র্কে হামে প্রথম মৃত্যু ঘিরে স্বাস্থ্য সতর্কতা বরং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটের সম্ভাব্য সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দিতে প্রস্তুত। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব অব্যাহত থাকলে তাঁদের পক্ষে সরকারের অংশ হওয়া সম্ভব নয়। নির্বাচনে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন রাম পার্টি আটটি এবং জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ১১টি আসন পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরব ভোটারদের উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে নেতানিয়াহুর দল লিকুদ। তবে নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোহলবার্গ বলেছেন, অভিযোগ প্রমাণিত হলেও তা নির্বাচনী প্রক্রিয়ার সামগ্রিক সততা বা ফলাফলকে ক্ষুণ্ন করবে না। নির্বাচনের আনুষ্ঠানিক ফল বুধবার প্রত্যয়ন করার কথা। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নেসেটের নির্বাচিত দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী পদে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। মনোনীত প্রার্থীকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে; প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে ১০ নভেম্বর।

নেতানিয়াহু বিরোধী জোটের সঙ্গে সমঝোতায় আরব দলগুলো