প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে দায়িত্বশীল অবস্থান জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর হাতে সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য জনমনে কী বার্তা দেয়, তা বিবেচনা করা প্রয়োজন। কোনো সংবাদ প্রতিবেদন পছন্দ না হলে তার প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। প্রতিবেদন ভুল হলে তথ্য-প্রমাণ দিয়ে তা খণ্ডন করা, প্রতিবাদলিপি পাঠানো কিংবা প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ-এর কপি ছিঁড়ে ফেলার ঘটনাকে দায়িত্বশীল রাজনৈতিক আচরণের উদাহরণ হিসেবে দেখছেন না তিনি। আরও পড়ুন,জামায়াতের লংমার্চ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনাএনসিপির এই নেতা আরও বলেন, সংবাদপত্রের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে, সম্পাদকের সঙ্গে বিরোধ কিংবা কোনো প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র আপত্তিও থাকতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে সংযম, পরিশীলিত আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রত্যাশিত। তিনি উল্লেখ করেন, সংবাদমাধ্যম সরকারের প্রতিপক্ষ নয়, আবার সরকারও সংবাদমাধ্যমের ঊর্ধ্বে নয়। সরকারের সমালোচনা করার অধিকার যেমন সংবাদমাধ্যমের রয়েছে, তেমনি সেই সমালোচনা সহ্য করার সক্ষমতাও সরকারের থাকতে হবে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, সংবাদপত্র ছিঁড়ে ফেলার মধ্যে রাষ্ট্রের শক্তি প্রকাশ পায় না; বরং তথ্য, যুক্তি ও সত্য দিয়ে সমালোচনার জবাব দেওয়ার সক্ষমতার মধ্যেই রাষ্ট্রের শক্তি নিহিত। এ অবস্থায় রাশেদ খাঁনের ওই আচরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষমতার দম্ভের পরিবর্তে জবাবদিহিকে রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এনসিপির এই নেতা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।