ময়মনসিংহে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্দ্রপা এলাকায় ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাস দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা এলাকায় পৌঁছালে মুক্তাগাছা থেকে ময়মনসিংহ বাইপাসগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন নারী ও এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়।আরও পড়ুন, গাজীপুরে ঘুমন্ত স্বামীর ওপর হামলার অভিযোগ স্ত্রীকে ঘিরে তদন্ত নিহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।