দৈনিক সংবাদ দিগন্ত

দেশে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি ও মেধাবীদের কর্মসংস্থানের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ

আমরা এমন একটি প্রজন্ম, যারা ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এ জাতি বারবার প্রমাণ করেছে যে আমরা কখনো মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশের মানুষের সংগ্রামী ঐতিহ্য ও চেতনার কথা তুলে ধরে সিবগাতুল্লাহ বলেন, দেশের মানুষের বর্তমান দুঃখ-কষ্ট ও দুর্দশা দূর করার দায়িত্ব বর্তমান প্রজন্মকেই নিতে হবে। গত ১৬ বছর নতজানু পররাষ্ট্রনীতি চললেও এ দেশের মানুষ কখনো চুপ করে বসে থাকেনি। পলাশী ও বক্সারের যুদ্ধ থেকে শুরু করে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ আমাদের সংগ্রামী ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, যার ধারাবাহিকতা আজও অটুট রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর অতীত ও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পেতেন এবং গেস্টরুম সংস্কৃতির কারণে অনেকের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হতো। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটলেও বর্তমানে শিক্ষা ও কর্মসংস্থান খাতে নতুন সংকট দেখা দিয়েছে। আরোও পড়ুন,তাওহীদ বা আল্লাহর একত্ববাদই ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও চালিকাশক্তিপ্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য দেশে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বেকারত্ব বাড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া সাম্প্রতিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, নিয়ম অনুযায়ী এনটিআরসির মাধ্যমে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ হওয়ার কথা থাকলেও দলীয় পরিচয়ে গঠিত অযোগ্য গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগের ষড়যন্ত্র করা হয়েছিল। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে অর্থের বিনিময়ে নিয়োগ-বাণিজ্য হতো এবং জাতি মেধাবী শিক্ষক থেকে বঞ্চিত হতো। বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। তাদের ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলমের বক্স উপহার দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেশে শিক্ষিত বেকারত্ব বৃদ্ধি ও মেধাবীদের কর্মসংস্থানের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ