গাজীপুরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অননুমোদিত শাখা পরিচালনা ও শাখা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর বেসরকারি স্কুল ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন গাজীপুর জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনাক উদ্দিন, গাজীপুর বেসরকারি কেজি স্কুল পরিষদের নেতা শহিদুল ইসলাম মণ্ডল, তমিজ উদ্দিন, হাজী মাসুদুর রহমান ও আজিজুল হকসহ শিক্ষক নেতারা। এতে জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ইউনিটের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, টাঙ্গাইল শাহীন ক্যাডেট, গাজীপুর শাহীন ক্যাডেট ও শহীদ ক্যাডেটসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজনীয় সরকারি অনুমোদন বা নিবন্ধন ছাড়াই বিভিন্ন স্থানে শাখা পরিচালনা করছে। অর্থের বিনিময়ে নতুন শাখা খোলা ও শাখা বিক্রির মাধ্যমে অনৈতিক বাণিজ্য চলছে বলেও অভিযোগ করেন তারা।আরও পড়ুন, কেশবপুরে স্থানীয় এমপির উদ্যোগে বাগদহা গ্রামের রাস্তার উন্নয়নকাজ শুরু, এলাকাবাসীর স্বস্তিতাদের দাবি, অননুমোদিত শাখা পরিচালনা বন্ধে দ্রুত কার্যকর বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। এ ধরনের শাখার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনসহ অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে বলেও দাবি করেন বক্তারা। এতে শিক্ষাক্ষেত্রে সামাজিক ও আর্থিক বৈষম্য বাড়ার আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে বলে আয়োজকেরা জানান।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।