দৈনিক সংবাদ দিগন্ত

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনের মাটিতে হবে: লৌজান

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল স্পেনেই অনুষ্ঠিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান। যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর মধ্যে ফাইনালের ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মঙ্গলবার মাদ্রিদে ‘এক্সপানসিওন অ্যান্ড মার্কা বিজনেস স্পোর্ট ফোরাম’-এ বক্তব্য দেন লৌজান। তিনি বলেন, ২০৩০ বিশ্বকাপ ইউরোপীয় মহাদেশের আসর হওয়ায় এটি স্পেন ও পর্তুগালেরও বিশ্বকাপ। তবে পর্তুগালে ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার কোনো স্টেডিয়াম না থাকায় দেশটি ফাইনাল আয়োজনের প্রস্তাব থেকে সরে এসেছে বলে দাবি করেন তিনি। তাঁর মতে, সে কারণে ফাইনাল স্পেনেই হওয়া উচিত। লৌজান জানান, ২০২৪ সালে যৌথ আয়োজক হওয়ার প্রস্তাবে ফাইনালের জন্য তিনটি সম্ভাব্য ভেন্যুর নাম দেওয়া হয়েছিল। এর মধ্যে স্পেনের মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর একটি স্টেডিয়াম রয়েছে।আরও পড়ুন,  মেসির মায়ের বিশেষ বার্তা পেলেন তরুণ ফুটবলার নিকো পাজ অন্যদিকে মরক্কো এক লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার পরিকল্পিত কিং হাসান দ্বিতীয় স্টেডিয়ামে ফাইনাল আয়োজন করতে চায়। চলতি বছরের গ্রীষ্মে ফিফা এমন একটি প্রতিবেদন অস্বীকার করেছিল, যেখানে দাবি করা হয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছেন। স্পেনের বিরোধী দলীয় নেতা আলবার্তো নুনিয়েজ ফেইজো সম্প্রতি বলেছেন, ফাইনাল আয়োজনের দায়িত্ব না পেলে স্পেনের বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসা উচিত। এ বিষয়ে লৌজান বলেন, ভেন্যু নির্ধারণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া ভালো। তবে বর্তমান পরিস্থিতিতে ২০২৮ সালের আগে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি। ২০৩০ বিশ্বকাপ শুরু হবে উরুগুয়ের মন্টেভিডিও, আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স ও প্যারাগুয়ের আসুনসিওনে। উদ্বোধনী পর্বের পর টুর্নামেন্টের বাকি অংশ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়।

২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনের মাটিতে হবে: লৌজান