বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ আরোপের প্রস্তাব দিয়েছে ইরান। এতে আবারও বেড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। সরবরাহ সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাজার বিশ্লেষকরা।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম বেড়েছে প্রায় ১ শতাংশ। প্রতি ব্যারেল ব্রেন্ট তেল লেনদেন হয়েছে ৮৩ দশমিক ২৯ ডলারে।অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দামও বেড়েছে। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৭৭ দশমিক ৯৩ ডলারে।ইরানের বার্তা সংস্থা ফারস জানিয়েছে, দেশটির পার্লামেন্টে একটি খসড়া বিল নিয়ে আলোচনা চলছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজের হরমুজ প্রণালি ব্যবহার সীমিত করার প্রস্তাব রয়েছে।আরও পড়ুন, মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রেখেছে বাংলাদেশি টাকাপ্রস্তাবিত নিয়ম ভঙ্গ করলে জাহাজে থাকা পণ্যের মোট মূল্যের ২০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।এ ছাড়া হরমুজ প্রণালি ব্যবহারের জন্য ইরান ৫ থেকে ৭ শতাংশ এবং ওমান ৩ শতাংশ পর্যন্ত সেবা মাশুল বা টোল নেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। তাই এখানে কোনো ধরনের বাধা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।বাজার বিশ্লেষকদের মতে, সংঘাত কমার সম্ভাবনায় তেলের দাম কিছুটা কমলেও হরমুজ প্রণালি ঘিরে নতুন অনিশ্চয়তা আবারও বাজারে চাপ তৈরি করেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।