দৈনিক সংবাদ দিগন্ত

অযৌক্তিক দামে ডিম বিক্রি নয় যৌক্তিক মুনাফার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করে যৌক্তিক মূল্যে ডিম বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিমের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা নিয়ে ডিম ও পোলট্রি খাতের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।বাণিজ্যমন্ত্রী বলেন, ডিম সাধারণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। এর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর সরাসরি চাপ পড়ে। তাই ব্যবসার নামে অস্বাভাবিক মুনাফা, কৃত্রিম সংকট কিংবা সরবরাহ ব্যবস্থায় অযৌক্তিক বাধা তৈরি করে বাজার অস্থিতিশীল করার সুযোগ নেই।উৎপাদক থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত ডিমের মূল্য ব্যবধান পর্যালোচনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরবরাহ ব্যবস্থার কোন পর্যায়ে অস্বাভাবিক ব্যয় বা অতিরিক্ত মুনাফা যুক্ত হচ্ছে তা চিহ্নিত করতে হবে। উৎপাদক, পাইকার, আড়তদার ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় ব্যবসায়ীরা জানান, ভুট্টা ও সয়াবিনসহ পোলট্রি খাদ্যের বিভিন্ন উপকরণের দাম বাড়ায় বর্তমানে প্রতি ডিমের উৎপাদন ব্যয় প্রায় ১১ টাকায় পৌঁছেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে উৎপাদক পর্যায়ে প্রতি ডিমের গড় বিক্রয়মূল্য ছিল ৭ টাকা ৯১ পয়সা। সেপ্টেম্বরে তা বেড়ে প্রায় ১১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।ব্যবসায়ীদের দাবি, বছরের একটি বড় সময় উৎপাদন খরচের নিচে ডিম বিক্রি করতে হলেও দাম বাড়ার সময়টিই বেশি আলোচনায় আসে। উৎপাদক থেকে খুচরা বাজার পর্যন্ত বিভিন্ন ধাপে সাধারণত দেড় থেকে দুই টাকা পর্যন্ত মূল্য সংযোজন হয়।দামের মৌসুমি ওঠানামা কমাতে অতিরিক্ত উৎপাদনের সময় ডিম এক থেকে দেড় মাস সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে পোলট্রি খাদ্যের উপকরণের দাম নিয়ন্ত্রণ, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিবন্ধকতা কমানো এবং প্রতিদিনের উৎপাদন সরবরাহ ও বাজারদরের তথ্য প্রকাশের সুপারিশ করা হয়।আড়ও পড়ুন,বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ল বাংলাদেশেব্যবসায়ীরা আরও জানান, টার্নওভার কর ও আয়করের চাপ যৌক্তিক করা হলে এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা কমানো গেলে বাজারে স্থিতিশীলতা ফিরবে। তাদের আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে ডিমের দাম কমে আসবে। ব্যবসায়ীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, খাতটির যৌক্তিক সমস্যা ও সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে বাজারে কোনো পক্ষ যাতে সুযোগ নিয়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে না পারে সেদিকেও কঠোর নজর রাখতে হবে।তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো উৎপাদক ন্যায্যমূল্য পাবেন, ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা করবেন এবং ভোক্তারা সহনীয় দামে ডিম কিনতে পারবেন। বাজারে কৃত্রিম সংকট, সরবরাহে অস্বাভাবিক বাধা কিংবা অযৌক্তিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সংস্থাগুলো তা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অযৌক্তিক দামে ডিম বিক্রি নয় যৌক্তিক মুনাফার আহ্বান বাণিজ্যমন্ত্রীর