অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিবিএল) দল পেয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। আসন্ন ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাঁকে। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলার হাতছানি রয়েছে এই তারকা পেসারের সামনে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে যে, বিগ ব্যাশে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্রের (এনওসি) আবেদন করেছেন ৩১ বছর বয়সী মুস্তাফিজ। এদিকে একই টুর্নামেন্টে খেলতে বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন জাতীয় দলের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনও। তাঁকে ধরে রেখেছে বিগ ব্যাশের অপর দল হোবার্ট হারিকেন্স।আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ লিগের এই আসর।আরও পড়ুন,হলুদ কার্ড থেকে বাকবিতণ্ডা: মাঠে ও বাইরে চরম উত্তেজনার জন্ম দিলেন নেইমার অপরদিকে দেশের মাটিতে ডি৩ (ডমেস্টিক থ্রি) ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে ১৫ ডিসেম্বর থেকে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। দুটি টুর্নামেন্টের সময় প্রায় একই সময়ে হওয়ায় মুস্তাফিজ ও রিশাদকে যেকোনো একটি বেছে নিতে হয়েছে। যার ফলে ডি৩ ট্রফির নিলামে সেভেন রিংস সিমেন্ট মুস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে কিনলেও এবং ফরচুন বরিশাল রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে ভেড়ালেও, তাঁরা এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে পারছেন না।উল্লেখ্য, বিগ ব্যাশে অভিষেক হলে এটি হবে মুস্তাফিজের ষষ্ঠ কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ। এর আগে তিনি আইপিএল, পিএসএল, এলপিএল, টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও আইএলটি২০-র মতো প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে, রিশাদও এর আগে পিএসএলে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের এই দুই ক্রিকেটারের অংশগ্রহণ দেশের ক্রিকেট ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় আনন্দের সংবাদ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।