দৈনিক সংবাদ দিগন্ত

মেইন লাইন থেকে সরাসরি সংযোগ, রাজধানীতে প্রকাশ্যেই চলছে অবৈধ অটোরিকশা চার্জিং

রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে প্রকাশ্যেই চলছে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবসা। কোথাও বিদ্যুতের মেইন লাইন থেকে সরাসরি সংযোগ, আবার কোথাও আবাসিক মিটারের বিদ্যুৎ ব্যবহার করে সারিবদ্ধ অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে। অধিকাংশ চার্জিং পয়েন্টের অনুমোদন নেই বলে অভিযোগ। মাঝেমধ্যে অভিযান হলেও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যক্রম।রাজধানীর তেজগাঁও। মেইন লাইন থেকে টেনে নেওয়া হয়েছে তার। সেই সংযোগেই চলছে একের পর এক অটোরিকশার ব্যাটারি চার্জ।প্রতিটি গাড়ির জন্য নেওয়া হচ্ছে নির্দিষ্ট ফি। অথচ চার্জিং পয়েন্টটির বৈধ অনুমোদন আছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।ক্যামেরার উপস্থিতি টের পেয়ে গ্যারেজের মালিক সরে গেলেও প্রকাশ্যেই চলছিল বিদ্যুৎ ব্যবহার করে অটোরিকশা চার্জ দেওয়ার কার্যক্রম।একই চিত্র মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায়। সরু গলির শেষ প্রান্তে টিনশেডের গ্যারেজে প্রায় ৩০টি অটোরিকশা চার্জ দেওয়া হচ্ছে আবাসিক সংযোগের বিদ্যুতে।সংশ্লিষ্টদের দাবি, তারা নিয়ম মেনেই বিদ্যুৎ ব্যবহার করছেন। তবে আবাসিক মিটারে বাণিজ্যিকভাবে এতগুলো অটোরিকশা চার্জ দেওয়ার অনুমোদন আছে কি না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি।আরও  পড়ুন, শিকলে বেঁধে বেল্ট দিয়ে নির্যাতনের অভিযোগ, পরে গৃহবধূর মৃত্যুসিপিডির তথ্য অনুযায়ী, দেশে অটোরিকশার সংখ্যা প্রায় ৪০ লাখ। এর মধ্যে রাজধানীতেই রয়েছে প্রায় ১৫ লাখ।ঢাকা মহানগর পুলিশের তথ্য বলছে, রাজধানীর আটটি অপরাধ বিভাগে রয়েছে প্রায় ৪৮ হাজার ১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট এবং ৯৯২টি গ্যারেজ। আর এই সংখ্যা দিন দিন বাড়ছে।সিপিডির হিসাবে, দেশে দৈনিক উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় ৫ শতাংশ—প্রায় ৭৫০ মেগাওয়াট—অটোরিকশার ব্যাটারি চার্জে ব্যবহৃত হয়। এর বড় একটি অংশ অবৈধভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ সংযোগের কারণে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি বাড়ছে বিদ্যুতের অপচয় ও নগরবাসীর দুর্ভোগ।অভিযোগ রয়েছে, অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার পরও কয়েক দিনের মধ্যে অনেক জায়গায় আবার চালু হয়ে যায় এই ব্যবসা।রাজধানীতে অটোরিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যাটারি চার্জিংয়ের চাহিদাও। কিন্তু অনুমোদনহীন চার্জিং পয়েন্টের বিস্তার ঠেকাতে নিয়মিত ও কার্যকর নজরদারি না থাকলে বিদ্যুৎ অপচয়, রাজস্ব ক্ষতি এবং নিরাপত্তাঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মেইন লাইন থেকে সরাসরি সংযোগ, রাজধানীতে প্রকাশ্যেই চলছে অবৈধ অটোরিকশা চার্জিং