দৈনিক সংবাদ দিগন্ত

মিসিসিপি নদীতে দুর্ঘটনায় আহত ৩২ যাত্রী হাসপাতালে ভর্তি, তবে সবাই শঙ্কামুক্ত

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের মিসিসিপি নদীতে একটি ট্যাঙ্কারের ধাক্কায় যাত্রী বহনকারী একটি রিভার ক্রুজ জাহাজ আংশিক ডুবে গেছে। এই দুর্ঘটনায় ৩২ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ‘আটলান্টিক অ্যাসফল্ট’ নামের একটি বিশাল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে নোঙর করা ‘আমেরিকান হেরিটেজ’ নামের ক্রুজ জাহাজটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে ক্রুজ জাহাজটি ঘাটে নোঙর করেছিল এবং দুর্ঘটনার সময় যাত্রীদের নামানোর প্রক্রিয়া চলছিল। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানান, দুর্ঘটনার সময় ক্রুজ জাহাজটিতে ১৮০ থেকে ১৯০ জন যাত্রী ছিলেন এবং সৌভাগ্যবশত সব যাত্রীরই খোঁজ পাওয়া গেছে।আরও পড়ুন,কুরআন ছুঁয়ে শপথের পরিকল্পনা জানালেন নবনির্বাচিত সিনেটর হাসপাতালে ভর্তি হওয়া ৩২ জনের কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে তিনি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ অনুযায়ী, ট্যাঙ্কারটির ধাক্কায় ধাতু ও কাঁচ ভেঙে পড়ার বিকট শব্দের পর মাত্র ১৫ মিনিটের মধ্যেই জাহাজটি উল্টে ডুবতে শুরু করে এবং অনেক যাত্রী পানিতে পড়ে যান। পরবর্তীতে লাইফ জ্যাকেট পরা এক ডজনেরও বেশি যাত্রীকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শীতল নদী থেকে উদ্ধার করে নিকটবর্তী জাহাজগুলোতে তুলে নেওয়া হয়। বর্তমানে ঘটনাস্থলে বন্দর পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং জরুরি চিকিৎসাকর্মীরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। বন্দরের প্রশাসনিক ভবনের ভেতরে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার পর ওই নৌপথে চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং সেটিতে কোনো পণ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মিসিসিপি নদীতে দুর্ঘটনায় আহত ৩২ যাত্রী হাসপাতালে ভর্তি, তবে সবাই শঙ্কামুক্ত