দৈনিক সংবাদ দিগন্ত

মদনে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি, ছেলের হাতে বাবা নিহত

নেত্রকোনার মদনে ছেলের হাতে এলাহি মিয়া নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার ভোরে পৌর সদরের আশকিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াছিন মিয়াকে আটক করেছে পুলিশ। স্বজনদের দাবি, ইয়াছিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল।বুধবার ভোর ৬টার দিকে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়ায় ঘটে মর্মান্তিক এ ঘটনা।পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন এলাহি মিয়া। নামাজ শেষে বাড়ি ফিরে রান্নাঘরে গিয়ে নিজেই চা তৈরি করেন। এ সময় ছেলে ইয়াছিন মিয়াকেও চা পান করতে ডাকেন তিনি।অভিযোগ, বাবার এ কথার পর হঠাৎ ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে এলাহি মিয়াকে আঘাত করেন ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় এলাহি মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও  পড়ুন, আশুলিয়ার ত্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, পরকীয়ার বিরোধে দম্পতি-নবজাতক হত্যার তথ্যনিহত এলাহি মিয়ার বাড়ি উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের মাঝপাড়ায়।নিহতের পুত্রবধূ জেরিন আক্তার জানান, ইয়াছিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তিনি আরও জানান, ঘটনার সময় আহত অবস্থায় এলাহি মিয়া তাকে ডাকেন এবং পরিবারের উদ্দেশে কিছু কথা বলেন।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম জানান, ইয়াছিন দুই দিন ধরে খাওয়া-দাওয়া করেননি। বুধবার সকালে বাবা তাকে চা পান করতে বললে তিনি বাবাকে আঘাত করেন। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।তবে ইয়াছিনের মানসিক রোগের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি। ওসি জানিয়েছেন, তিনি মানসিক রোগী কি না, তা বিশেষজ্ঞ চিকিৎসকই বলতে পারবেন।বাবাকে হত্যার ঘটনায় আটক ইয়াছিন মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটল এবং এর পেছনে প্রকৃত কারণ কী, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মদনে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি, ছেলের হাতে বাবা নিহত