দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, তবে আলোচনায় না বসার হুঁশিয়ারি

শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবের বিপরীতে নিম্নতম মজুরি বোর্ডের আগামী সোমবারের (১৬ নভেম্বর) সভায় নিজেদের মজুরি প্রস্তাব জমা দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। তবে শিল্পাঞ্চলে চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খলা বন্ধ না হলে বোর্ডের আলোচনায় অংশ না নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে মালিকপক্ষ। এদিকে, মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলমান থাকলেও গাজীপুর ও সাভার-আশুলিয়ার পোশাক খাতের পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। অন্যদিকে, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বের হয়ে যান এবং কিছু শ্রমিক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনায় পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। বিজিএমইএর তথ্যানুযায়ী, মঙ্গলবার ১৪৬টি এবং বুধবার ১৮২টি কারখানা ছুটি দেওয়ার পর বৃহস্পতিবার এই সংখ্যা বেড়ে ২০৪টিতে দাঁড়িয়েছে; যার মধ্যে ১৩৭টি সাভার-আশুলিয়ায় এবং ৬৭টি গাজীপুরে অবস্থিত। আরও  পড়ুন,নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা ইনানীতে, এখনো জ্বলছে আগুনটানা অস্থিরতার জেরে আশুলিয়ার নিউএজ ও অরুণিমা গ্রুপের ছয়টি এবং হেমায়েতপুরের জিনস ম্যানুফ্যাকচারিং কোম্পানিসহ মোট সাতটি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় শিল্পাঞ্চলে বিজিবি ও পুলিশ মোতায়েন রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় ঠিক করতে আগামীকাল শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি জানান, রাস্তায় বিশৃঙ্খলা রেখে আলোচনায় বসা সম্ভব নয়; তাই শনিবারের জরুরি সভায় বিশৃঙ্খল কারখানাগুলো ১৩(১) ধারায় বন্ধ রাখা এবং মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে, মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছেন, শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি, বরং এই আন্দোলনে অন্য মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, তবে আলোচনায় না বসার হুঁশিয়ারি