নতুন শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ। নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজটিতে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায় বলেন,আরও পড়ুন,সাতক্ষীরার বল্লী ইউপি নির্বাচনে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী দিদারুল আলম দিদার কলেজের শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষ, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকী বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল হক, বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ধীরাজ কুমার রায়, মো. শরিফুল রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর ২১টি ইভেন্টে বিজয়ী ৬৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।