সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সান গ্রুপ এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের আয়োজনে বাড়তি আনন্দ যোগ করেছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। ৭৫ বছর বয়সেও তাঁর প্রাণবন্ত নাচে মেতে ওঠেন অতিথিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নবদম্পতির বিয়ের অনুষ্ঠানে নেচে-গেয়ে সময় কাটাচ্ছেন এই অভিনেতা। গ্রিসের মনোরম এক স্থানে বুধবার (১১ নভেম্বর) পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। এর আগে ১০ নভেম্বর ঐতিহ্যবাহী তামিল রীতিতে তাঁদের বাগদান পর্ব অনুষ্ঠিত হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনিরুদ্ধের সুর করা এবং রজনীকান্ত অভিনীত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ভেত্তাইয়ান’-এর জনপ্রিয় গান ‘মানাসিলায়ো’র তালে নাচছেন রজনীকান্ত। নতুন দম্পতি ও মারান পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ তৈরি করে। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। অনুষ্ঠানে রজনীকান্তের পাশাপাশি তাঁর স্ত্রী লতা রজনীকান্তও উপস্থিত ছিলেন। আরও পড়ুন,দীর্ঘ পাঁচ বছর পর টিভিতে ফিরছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’’এ ছাড়া তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন বিয়ের আয়োজনে যোগ দেন। বিয়ের পর ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করে অনিরুদ্ধ তাঁদের বিশেষ মুহূর্তের কথা ভক্তদের জানান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের একমাত্র প্রাপ্তি, আজীবনকালের জন্য ১১.১১।’ বিয়েতে বর-কনের পোশাকও আলোচনায় এসেছে। কাব্য পরেছিলেন রুপালি ও সোনালি কারুকাজ করা আর্থি ব্রাউন রঙের পোশাক। অন্যদিকে অনিরুদ্ধের পরনে ছিল ক্রিম রঙের জ্যাকেট, যাতে পামগাছ ও সমুদ্রের ঢেউয়ের নকশা করা ছিল। গ্রিসে ব্যক্তিগত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হলেও আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন নবদম্পতি। এতে চলচ্চিত্র, রাজনীতি ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়কে আমন্ত্রণ জানানোর গুঞ্জনও রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।