দৈনিক সংবাদ দিগন্ত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে শিক্ষার্থী ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছে দেশটির পুলিশ প্রিফেকচার। নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার (২ নভেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পুলিশের প্রস্তাবিত বিকল্প রুট প্রত্যাখ্যান করে প্রশাসনিক আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী সংগঠন ইন্টারফ্যাক ইল-দ্য-ফ্রঁস। মঙ্গলবার (৩ নভেম্বর) বিক্ষোভ মিছিলটি প্যারিসের পঞ্চম অ্যারোঁদিসমঁর ঐতিহাসিক প্যানথিওন চত্বর থেকে শুরু হয়ে সপ্তম অ্যারোঁদিসমঁতে অবস্থিত ফরাসি ব্যবসায়ী সংগঠন মেডেফের সদর দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবির সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সংগঠনটির সদস্য কপেলিয়া মোরো বলেন, কর্তৃপক্ষ তাদের প্যারিসের কেন্দ্রস্থলে মিছিল করার অনুমতি দেবে না বলে জানিয়েছে। তিনি এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এর ফলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের সুযোগ কার্যত সীমিত করা হচ্ছে। পুলিশ প্রিফেকচারের দাবি, বর্তমান সামাজিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় প্রস্তাবিত মিছিলের রুট নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আরও পড়ুন,যুদ্ধের অর্থনীতি: লাভ কোম্পানির, লোকসান জনগণেরবিশেষ করে প্যানথিওন চত্বর একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় সেখানে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মিছিলের কারণে জননিরাপত্তা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। বিক্ষোভের বিকল্প হিসেবে প্যারিসের উপকণ্ঠে পোর্ট দ্য শারঁতঁ ও পোর্ট দ্য মনত্রয় এলাকার মধ্যবর্তী একটি রুট প্রস্তাব করেছে পুলিশ। তবে আয়োজকরা তা গ্রহণে রাজি হননি। তাদের দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর কেন্দ্রস্থলেই মিছিল করার সুযোগ দিতে হবে। এদিকে, গত ২২ অক্টোবর একই সংগঠনের আয়োজিত আরেকটি বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেছিল পুলিশ। পরে প্রশাসনিক আদালত জরুরি শুনানিতে ওই নিষেধাজ্ঞা স্থগিত করেন। সেই ঘটনার নজির তুলে ধরে এবারও আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা করছেন আন্দোলনকারীরা। সংগঠনটি জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক আদালতে আবেদন করা হবে। ফলে শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত বিক্ষোভ শেষ পর্যন্ত কোন পথে এগোয়, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন