বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে ১০টি অ্যাসিস্ট করে ১৯৬৬ সালের পর নতুন এক মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।আর ও পড়ুন, কোয়ার্টার ফাইনালে শুরুতেই আর্জেন্টিনার বাজিমাতপিছিয়ে পড়েও হাল ছাড়েনি সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে রিকার্দো রদ্রিগেসের পাস থেকে ড্যান এনদোয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান। তবে ৭২ মিনিটে ভিএআরের সিদ্ধান্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এরপর ১০ জন নিয়েই লড়াই চালিয়ে যায় সুইজারল্যান্ড।অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে মেসির শট ফিরিয়ে দিলেও ফিরতি বলে দুর্দান্ত বাঁকানো শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। যোগ করা সময়ের শেষ মুহূর্তে বদলি হিসেবে নেমে লাউতারো মার্তিনেস তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন।৩-১ গোলের এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখে আগামী ১৫ জুলাই সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।