প্রথম দাম্পত্য জীবনের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা ও টেলিভিশন উপস্থাপক রিমি টমি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে নতুন সম্পর্কের কথা জানিয়ে শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইঙ্গিত দিয়েছেন তিনি। ভিডিওতে রিমি জানান, দীর্ঘদিন একা থাকার পরও তাঁর মনে জীবনসঙ্গীর অভাব অনুভূত হতো। অবশেষে ২০২৬ সালে তাঁর জীবনে নতুন একজন মানুষের আগমন ঘটেছে। নতুন এই সম্পর্ককে ঈশ্বরের উপহার বলেও উল্লেখ করেন তিনি।নতুন সঙ্গীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেননি গায়িকা। তবে জানিয়েছেন, তাঁর হবু স্বামী অভিনয় কিংবা সংগীতজগতের কেউ নন। তিনি কোনো তারকা নন, এমনকি কোটিপতিও নন। রিমির ভাষ্য, জীবনসঙ্গী নির্বাচনে অর্থ বা খ্যাতির চেয়ে পারস্পরিক বোঝাপড়া, মানসিকতার মিল ও মানসিক শান্তি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, বক্স অফিসে শতকোটি ডলারের ব্যবসার রহস্য কীএমন একজন মানুষ চেয়েছেন, যিনি তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহযোগিতা করবেন, যত্ন নেবেন এবং তাঁকে বুঝবেন। নতুন সঙ্গীর সঙ্গে পরিচয়ের পর তাঁর মন অনেক শান্ত হয়েছে বলেও জানান তিনি। শিগগিরই হবু স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করবেন বলে ভিডিওতে জানিয়েছেন রিমি। একই সঙ্গে ভক্তদের কাছে ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন। ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সঙ্গে ২০০৮ সালের ২৭ এপ্রিল বিয়ে হয়েছিল রিমি টমির। দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২০ সালের ১৬ এপ্রিল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন দুজন। সংগীতের দল ‘অ্যাঞ্জেল ভয়েস’-এর সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেন রিমি। ২০০২ সালে ‘মিসা মাধবন’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হয় তাঁর। ছবিতে গাওয়া ‘চিঙ্গামাসাম’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। পরে মালয়ালম চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন উপস্থাপক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবার জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় রয়েছেন এই গায়িকা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।