গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় সিআইআইডির একাধিক প্রিভেন্টিভ টিম। অভিযানে সহযোগিতা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, ফেব্রিক্স, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের প্রকৃত মজুদ যাচাই করা হয়। সিআইআইডি সূত্র জানায়, সরেজমিনে পাওয়া মজুদের সঙ্গে প্রতিষ্ঠানের স্টক রেজিস্টার এবং কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যের ব্যাপক অসংগতি পাওয়া গেছে। কয়েকটি প্রতিষ্ঠানে সুতা ও ফেব্রিক্সের ঘাটতি ছিল। অন্য কয়েকটিতে ঘোষিত হিসাবের তুলনায় অতিরিক্ত মজুদ পাওয়া যায়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) থেকে আমদানিসংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নিরূপণ করা হয়।আরও পড়ুন,গ্রাম ও শহর—উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের দামে স্বস্তিছয় প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য পাওয়া গেছে। জাহিন নীটওয়্যার্স লিমিটেডের ক্ষেত্রে ৬৪ কোটি ৬১ লাখ, সানজানা ফেব্রিক্স লিমিটেডে ৬০ কোটি ৩৩ লাখ, বোনাফাইড নিটিং মিলসে ৩৯ কোটি ৫০ লাখ, জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডে ৯ কোটি ৪৫ লাখ এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলসে ৪ কোটি ৮৩ লাখ টাকার সম্ভাব্য ফাঁকির তথ্য মিলেছে। রপ্তানিমুখী শিল্পকে প্রতিযোগিতামূলক রাখতে বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়া হয়। তবে এ সুবিধায় আনা পণ্য অনুমোদিত উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি হলে সরকার রাজস্ব হারায়। পাশাপাশি শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। সিআইআইডি জানিয়েছে, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন, মজুদ ও ব্যবহারের তথ্যসংবলিত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই ও বিশ্লেষণ চলছে। প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে পরিবর্তিত হতে পারে। তদন্ত শেষে প্রকৃত পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজও এখনো চলমান রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।